সশস্ত্র বাহিনী দিবসে শহীদ — বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার। তিনি শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বরের পর বাংলাদেশে অসংখ্য টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং বাকপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এসব অর্জনের পেছনে সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সকলের জানা। জিয়াউর রহমান গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক হিসেবে চিহ্নিত। তার গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রিজভী বলেন, যারা দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ ঢাল হয়ে দাঁড়িয়ে আছে।
তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
রিজভী বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কিংবা দাসত্ব মেনে নেয়, তাদের মনে রাখা উচিত—এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীর আকাঙ্ক্ষা রয়েছে।
তিনি বলেন, যারা দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একাকার হয়ে রয়েছে।
সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা একটি র্যালিতে অংশ নেন। র্যালিটি বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
অনলাইন ডেক্স 























