ডয়েচে ব্যাংক নতুন চাপের — জার্মানির ডয়েচে ব্যাংক নতুন করে চাপের মুখে পড়েছে। ব্যাংকটি জেফরি এপস্টেইনের সঙ্গে সন্দেহজনক ৫৮২ মিলিয়ন ডলারের আর্থিক লেনদেনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করসংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস এবং রাশিয়ার অর্থপাচার-সংশ্লিষ্ট যোগাযোগের অভিযোগও রয়েছে। এসব তথ্য প্রকাশের পর মঙ্গলবার ব্যাংকটির শেয়ারে বড় দরপতন ঘটে।
মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টে লেনদেনের শুরুতে ডয়েচে ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক অপরাধ নিয়ন্ত্রণ ও পরিচালন কাঠামোয় দীর্ঘদিনের নানা দুর্বলতার তথ্য উঠে এসেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেন প্রক্রিয়া করেছে ডয়েচে ব্যাংক। যদিও সন্দেহজনক লেনদেনের অর্থ এই নয় যে প্রতিটি লেনদেনই অপরাধমূলক ছিল, তবে এ তথ্য ব্যাংকটির জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করসংক্রান্ত তথ্য ভুলবশত ফাঁস করেছিল ব্যাংকটি। সে সময় ব্যাংকটির ব্যক্তিগত ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন বর্তমান প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান জেভিং। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে বর্ণনা করেছিলেন। তবে বিষয়টি হোয়াইট হাউসের কাছ থেকে গোপন রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে পরিচালিত আন্তর্জাতিক অনুসন্ধানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের কার্যবিবরণী, ই-মেইল, অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়েছে। এসব নথিতে গত দুই দশকে ব্যাংকটির বিভিন্ন বিভাগে ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতার চিত্র উঠে এসেছে।
অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০১৮ সালের শুরুতে প্রায় ২৮ হাজার সমস্যাসংকুল বিনিয়োগ ব্যাংকিং গ্রাহককে বাদ দেওয়ার সিদ্ধান্ত চিহ্নিত হলেও ব্যাংকটি তাদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেনি। ২০২১ সালে ব্যয়সংক্রান্ত লক্ষ্যমাত্রা নিয়েও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ ছাড়া রাশিয়ার কয়েকজন প্রভাবশালী ধনকুবেরের সঙ্গে ব্যাংকটির সম্পর্ক এবং অর্থপাচারের আশঙ্কা তৈরি করতে পারে—এমন কিছু লেনদেনের তথ্যও সামনে এসেছে।
নতুন এসব তথ্য প্রকাশের পর ডয়েচে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, বাজার কারসাজি, অর্থপাচার, ভুলভাবে আর্থিক পণ্য বিক্রি ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে ২০১২ সাল থেকে ব্যাংকটি প্রায় ১৮ দশমিক ৬ বিলিয়ন ইউরো জরিমানা ও সমঝোতা বাবদ পরিশোধ করেছে।
তবে এক বিবৃতিতে ডয়েচে ব্যাংক জানিয়েছে, গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলোর বেশির ভাগই বহু বছরের পুরোনো। ব্যাংকটি জানিয়েছে, প্রাসঙ্গিক ক্ষেত্রে তারা তখনই বিষয়গুলো পর্যালোচনা করেছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে।
ব্যাংকটি আরও বলেছে, প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান জেভিংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ঝুঁকি নিয়ন্ত্রণব্যবস্থা উন্নয়নে ৭ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে তারা। ২০২৫ সালে এবং সাম্প্রতিক প্রান্তিকগুলোতে রেকর্ড মুনাফা অর্জনের কথাও উল্লেখ করে ব্যাংকটি দাবি করেছে, বর্তমান ডয়েচে ব্যাংক আগের অবস্থায় নেই।
অনলাইন ডেক্স 





















