৪ হাজার ৩০০ ইউপিতে — দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। কোন উপজেলার কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পুরো সংলাপ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। কমিশনের এই উদ্যোগের ফলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, শীতের আগমনে দেশে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করেছে। গত দুই দিনে ভোরের কোনো কোনো সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ৯ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। এক মাস আগেও রাতের শেষভাগে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ কমে ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি হয়েছে।
বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় ইতোমধ্যে জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে এনেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বর্তমানে দিনের বেলায় এসব কেন্দ্রের এক থেকে দেড় হাজার মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা হচ্ছে। তবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনেক সময় এসব কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকছে।
সংশ্লিষ্টদের মতে, শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার সুযোগ নেই। ফলে বিদ্যুতের চাহিদা কমলেও উৎপাদন ব্যয় ও কেন্দ্র ভাড়ার আর্থিক চাপ থেকে পুরোপুরি স্বস্তি পাচ্ছে না বিপিডিবি।
বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সকাল ৬টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট। বিকাল ৫টায় তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২০০ মেগাওয়াটে। এর আগের দিন শনিবার ভোর ৫টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৬৪ মেগাওয়াট। ওই দিন বিকাল ৫টায় সরবরাহ করা হয় ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট।
বিপিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৭ মেগাওয়াট। আর সন্ধ্যায় সর্বোচ্চ উৎপাদন হয় ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রগুলোয় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের দায়িত্বে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টায় বিদ্যুতের গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। অথচ এক মাস আগেও একই সময়ে গড় সরবরাহ ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট।
বিপিডিবির কর্মকর্তারা বলছেন, শীতের প্রভাবে এরই মধ্যে বিদ্যুতের চাহিদা দুই থেকে তিন হাজার মেগাওয়াট কমেছে। সামনে এ প্রবণতা আরও বাড়তে পারে। সাধারণত শীতকালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যায়। ফলে বিদ্যুতের চাহিদার বড় একটি অংশ, যা ‘কুলিং লোড’ নামে পরিচিত, তা হ্রাস পায়।
এ বিষয়ে বিপিডিবির সদস্য (উৎপাদন) জহরুল ইসলাম বলেন, শীত শুরু হওয়ায় বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের ব্যবহার কমেছে। ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় চাহিদাও হ্রাস পেয়েছে। রাজধানীতেও শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই অনেকে এসি ও ফ্যানের ব্যবহার কমিয়ে দিয়েছেন। এটিও বিদ্যুতের চাহিদা কমার অন্যতম কারণ।
তবে বিদ্যুতের চাহিদা কমার পেছনে শিল্প-কারখানায় উৎপাদন হ্রাসের প্রভাবও থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। তাদের মতে, রাজধানীসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার কমেছে। বিশেষ করে গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে থাকে। সম্প্রতি পোশাকশ্রমিকদের অসন্তোষের জেরে বেশ কিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদায় এর প্রভাব পড়তে পারে।
অনলাইন ডেক্স 





















