বিশ্ব প্রিম্যাচিওরিটি দিবস উদযাপন — বিশ্ব প্রিম্যাচিওরিটি দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা আজ (১৫ নভেম্বর) একটি পেশেন্ট ফোরামের আয়োজন করেছে। এ বছরের প্রতিপাদ্য ‘ছোট্ট শিশু, বিশাল সম্ভাবনা’কে সামনে রেখে এই ফোরামে প্রিম্যাচিওর শিশু জন্মের কারণ, মা ও শিশুর যত্ন এবং ঝুঁকি থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা করা হয়।
প্রিম্যাচিওর শিশু বলতে বোঝায় সেইসব শিশু যারা নির্ধারিত সময়ের আগে (৩৭তম সপ্তাহ শুরুর আগে) জন্ম নেয়। এই শিশুদের সাধারণত কম ওজনের সাথে জন্মানোর প্রবণতা থাকে। যদিও প্রিম্যাচিওরিটির নির্দিষ্ট কারণ এখনও অজানা, তবে গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যঝুঁকি, জন্মগত ত্রুটি, জমজ বা একাধিক শিশু থাকার কারণে প্রিম্যাচিওর শিশুর জন্ম হতে পারে। এই সমস্যা থেকে উত্তরণে সচেতনতা বৃদ্ধির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এই আয়োজন করেছে।
পেশেন্ট ফোরামে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; পেডিয়াট্রিক ও নিউনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবু সাইদ মোহাম্মদ ইকবাল; সিনিয়র কনসালটেন্ট ডা. নুসরাত ফারুকসহ অন্যান্য চিকিৎসকরা অংশগ্রহণ করেন। আলোচনা চলাকালে প্রিম্যাচিওর শিশুর জন্ম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় এবং গর্ভবতী নারীদের প্রতি সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।
ডা. আরিফ মাহমুদ বলেন, মায়ের গর্ভে শিশু যে নিরাপদ পরিবেশ পায়, সেটি সময়ের আগে জন্ম নিলে তারা হারিয়ে ফেলে। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) এই নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক তাপমাত্রা, শ্বাস নিতে সহায়তা এবং নজরদারির মাধ্যমে এই ইউনিট শিশুর নিরাপত্তা নিশ্চিত করে। তবে, যন্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত টিম এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতিও প্রয়োজন।
ডা. আবু সাইদ মোহাম্মদ ইকবাল বলেন, একটি শিশু সময়ের আগেই জন্ম নিলে তার লড়াই শুরু হয়ে যায়। তবে শিশুটি বা তার পরিবার যেন একা না হয়ে পড়ে, সেটি চিকিৎসকদের দায়িত্ব। তিনি বলেন, আকারে বা ওজনে ছোট হলেও এই শিশুদের সম্ভাবনা আকাশ ছোঁয়া। তাই বিশ্ব প্রিম্যাচিওরিটি দিবসে শিশুদের সর্বোচ্চ যত্ন নিশ্চিতের এবং প্রতিটি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ডা. নুসরাত ফারুক বলেন, সময়ের আগে সন্তান প্রসব হলে অনেকেই মা-কে দোষ দেন। তিনি জানান, প্রিম্যাচিওর শিশুর জন্মের পেছনে অনেক কারণ থাকতে পারে, যার বেশিরভাগই অজানা এবং নিয়ন্ত্রণের বাইরে। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, ভ্রান্ত ধারণায় সময় নষ্ট না করে শিশুর যথাযথ যত্ন নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষের এই উদ্যোগের মাধ্যমে প্রিম্যাচিওর শিশুদের যত্ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালটি আশা করে, এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রিম্যাচিওর শিশুর যত্নে আরও উন্নতি হবে।
অনলাইন ডেক্স 

























