সখিপুরের বালারহাটে ইসলামী ব্যাংকের — শরীয়তপুরের সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বালারহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এম অ্যান্ড এম কর্পোরেশনের আওতায় পরিচালিত এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম বালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফরিদপুর জোনের এসভিপি ও হেড অব জোন মো. ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া জোনের ম্যানেজার মো. নুর ইসলাম এবং সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা। এছাড়া আউটলেটটির পরিচালক মাসুদুর রহমান, মাহবুব মোল্লা, সখিপুর স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম মুন্সি, সখিপুর থানা ছাত্রদল নেতা কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, বালারহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হওয়ায় স্থানীয়দের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন যে, গ্রাহকরা এই আউটলেট থেকে মানসম্মত ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পাবেন।
প্রধান অতিথি মো. ইয়াকুব আলী বলেন, ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তিনি নতুন এই আউটলেটকে ইসলামী ব্যাংকের প্রতিনিধি হিসেবে নির্ধারিত ব্যাংকিং সেবা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বালারহাটে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে স্থানীয় গ্রাহকদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।
আউটলেটটির ঠিকানা হলো মাস্টার ছায়েদ প্লাজা, বিশ্বরোড সংলগ্ন, বালারহাট, সখিপুর, শরীয়তপুর। নতুন এই আউটলেটের মাধ্যমে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 






















