শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল — ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় একটি ‘ট্রাভেল ডকুমেন্ট’ বা ভ্রমণ নথির বিষয়টি সামনে এসেছে। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এটি আইন অনুযায়ীই নিষ্পত্তি করা হবে। প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি কারিগরি ও প্রাতিষ্ঠানিক বিষয়। আন্তর্জাতিকভাবে যাতায়াতের জন্য অবশ্যই একটি ভ্রমণ নথি প্রয়োজন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাংলাদেশ সরকার ইস্যু করা পাসপোর্ট অথবা জরুরি সনদপত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ ধরনের নথি তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ হিসেবেও কাজ করবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন কবীর সোমবার বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না এবং এ ধরনের পদক্ষেপের কোনো সুযোগ বা বিধান নেই। তিনি উল্লেখ করেন, গ্রহণযোগ্য বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ।
এদিকে, সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণের প্রক্রিয়ায় পাসপোর্ট প্রয়োজন। শেখ হাসিনা লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ওই প্রতিষ্ঠানটি এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দীর্ঘদিন নির্বাসনে থাকা কিংবা দেশে ফেরার পর কারাবন্দি হওয়ার নজির রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও যুক্তরাজ্যে প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।
গত ৫ আগস্ট ২০২৬ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন।
এদিকে, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বোমাবাজি, বাসে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করা সম্ভব নয়। তিনি বলেন, এ ধরনের সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়।
মঞ্জু মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন। তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করার কৌশল পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি।
তিনি আরও বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছেন। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ।
মঞ্জু বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জিরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকেরাও বিপাকে পড়বেন।
অনলাইন ডেক্স 

























