নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মেসার্স আলম ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের ওপর লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কেমিস্টসহ দুই গ্রাহক আহত হয়েছেন। গুরুতর আহত মাহবুবুর রহমান (২৭) বর্তমানে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হওয়ার পর ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নতুন দাম রাত ১২টার পর কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়, যা নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নতুন দামে তেল বিক্রির প্রস্তুতি নিতে গেলে গ্রাহকরা পুরনো দামে তেল দেওয়ার দাবি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পাম্প মালিক শাহ আলম লোহার অ্যাঙ্গেল নিয়ে হামলা চালান। হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফিলিং স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। তবে পাম্প মালিক শাহ আলম হামলার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে তেল বিক্রি বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ডিমলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার পর স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং ফিলিং স্টেশনটির লাইসেন্সের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য রোববার দিবাগত রাত থেকে কার্যকর হয়েছে।
অনলাইন ডেক্স 























