কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ জনকল্যাণমূলক কার্যক্রমে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভাটি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের আলোকে অনুষ্ঠিত হয়।
সভায় তিন জেলার আইনশৃঙ্খলা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জরুরি বিষয়গুলো তাকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় মাদক নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়। এছাড়া, নদীভাঙনসহ স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মীর শাহে আলম জেলার পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি জানান, সংশ্লিষ্ট জেলাগুলো সফর করে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।
অনলাইন ডেক্স 






















