বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
কামরুজ্জামান ভুট্টো বলেন, বিনা অপরাধে স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার আহ্বান জানান।
বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্যে কামরুজ্জামান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, ‘জামায়াত যদি ক্ষমতায় থাকত তারা বলত, এক দিন বিদ্যুৎ না থাকলে সহ্য করতে পারেন না, দোজখে গেলে কীভাবে থাকবেন?’
পথসভা শেষে নেতাকর্মীরা নিউমার্কেট এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে র্যালিটি শেষ করেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























