কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরকার সেনাবাহিনীতে ফেরত পাঠিয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আজ বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ অগাস্ট মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।
কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং বিষয়টি নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই।
অনলাইন ডেক্স 






















