সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তাকে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা পাঁচটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে জিআর ৩৯৯/২৪, জিআর ৩৮০/২৪, জিআর ৪৩৮/২৪, জিআর ৪৪১/২৪ ও জিআর ৪৩৯/২৪। এসব মামলায় ২০১৪ সালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, জিআর ৩৯৯/২৪ মামলাটি ৩ সেপ্টেম্বর ২০২৪, জিআর ৩৮০/২৪ মামলাটি ২৭ আগস্ট, জিআর ৪৩৮/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর, জিআর ৪৪১/২৪ মামলাটি ২৫ সেপ্টেম্বর এবং জিআর ৪৩৯/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা হয়েছে।
সোমবার আদালতে হাজির করার পর মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয় এবং পরবর্তী শুনানির তারিখ ২৯ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। আদালত ভবনের বাইরে নজরুল ইসলামকে পুলিশের গাড়িতে তোলা হয়, এ সময় তার ছেলে রাজু আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজু আহমেদ অভিযোগ করেছেন যে, তার বাবাকে রাজনৈতিক কারণে আটক করা হয়েছে এবং তারা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার আশা করছেন। এর আগে, ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অনলাইন ডেক্স 
























