পাবনার বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় শনিবার দুপুরে সোহেল রানা নামে এক যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার সমর্থক ও স্থানীয় লোকজন।
সোহেল রানা বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পৌরসভার শম্ভুপুর কাগমারি এলাকার মৃত আয়নুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পুলিশের একটি দল স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার সমর্থকরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, সোহেল রানার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে এবং যারা পুলিশের কাজে বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অনলাইন ডেক্স 






















