বেসরকারি আবাসন খাতে মাফিয়াতন্ত্রের — রাজধানী ঢাকায় বেসরকারি আবাসন খাতে রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “এই গোষ্ঠীগুলো শুধু ব্যবসায়িক কার্যক্রমেই প্রভাব বিস্তার করছে না, নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।”
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগরিকের আশ্রয় ও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্র এককভাবে এই চাহিদা পূরণ করতে পারেনি। ফলে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন।
টিআইবির নির্বাহী পরিচালক জানান, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে।
গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক, আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি পাওয়া গেছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে।”
তিনি আরও জানান, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে ঘাটতি রয়েছে এবং বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। এর ফলে প্রতিষ্ঠানগুলোর একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে।
প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে।
তিনি বলেন, “এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন। জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকারও বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে।”
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, “রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে।”
তিনি মন্তব্য করেন, ঢাকাকে কংক্রিটের শহরে পরিণত করার পেছনে আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসার ভূমিকা রয়েছে। এর ফলে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের প্রত্যাশা ব্যাহত হচ্ছে।
অনলাইন ডেক্স 






















