নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে — নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে চার লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের পাগলা বাজারে ওই টাকা ফেরত দিয়েছেন বাবুল হোসেন ও তার অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের জানান, মঙ্গলবার জোনাইল পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী, রফিকুল ইসলামসহ অন্যান্যের উপস্থিতিতে বিষয়টি নিয়ে মীমাংসা হয়। সেখানে তিন লাখ ৭৫ হাজার টাকা তাকে ফেরত দেওয়া হয়।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের শক্ত ভূমিকা নেওয়ার কারণে তিনি তার টাকা ফেরত পেয়েছেন। আব্দুল কাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ও বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং এখন তার অবসান হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সূতিজাল বসিয়ে মাছ ধরছিলেন বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সূতিজাল উচ্ছেদ করে এবং চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করে। প্রশাসনের এই কার্যক্রমের জন্য আব্দুল কাদেরকে দায়ী করেন বাবুল হোসেন।
ছাত্রদল নেতা বাবুলের অভিযোগ, আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযানে সহযোগিতা করেছেন। এ অভিযোগ তুলে ছাত্রদল নেতা ও তার লোকজন আব্দুল কাদেরকে আটক করে ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ ৭৫ হাজার টাকা এনে দিতে বাধ্য করা হয়। এ সময় আরও এক লাখ ২৫ হাজার টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।
এ ঘটনার পর শুক্রবার রাতে আব্দুল কাদের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্য সচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)।
আব্দুল কাদের অভিযোগ করেন, তার জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে জায়গা জমি রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সারাদিন চামটা বিলে সূতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। এ দিন দুপুরে চামটা বিলের জমি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাবুল হোসেন ও তার লোকজন তাকে তুলে চামটা বিলে নিয়ে যান।
তিনি বলেন, এক পর্যায়ে তার কাছে ১২ লাখ ক্ষতিপূরণ দাবি করা হয়। দিতে অস্বীকার জানালে মারধর করা হয়। পরে তাকে ৪ থেকে ৫ ঘণ্টা আটকিয়ে রাখলে ৫ লাখ টাকা নগদ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাড়ি থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা আনিয়ে দেন। তারা আরও এক লাখ ২৫ হাজার টাকার জন্য তাকে অঙ্গীকার করায়। এ সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আফসার আলী তার হাত থেকে টাকা নিয়েছেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, একটি শান্তিপূর্ণ সমাধান হওয়ায় ভুক্তভোগী অভিযোগ তুলে নিতে রাজি হয়েছেন। তবে ভবিষ্যতে এরকম চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ কঠোর ভূমিকা রাখবে।
অনলাইন ডেক্স 























