নাভানা সিএনজির আয় বেড়েছে — শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনসি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে ৭ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ পয়সা আয় করেছিল।
রোববার (১৫ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ৩৫ পয়সা ছিল, যা গত বছরের একই সময়ে ৩১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩০ টাকা ৩২ পয়সা ছিল।
এদিকে, আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। অর্থায়নের উৎস বাড়ানো এবং বৈদেশিক ঋণের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। সম্মেলনের উদ্বোধন করেন তিনি। অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বলেন, বেসরকারি খাত এত দিন মূলত ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেছে। পুঁজিবাজারে যাওয়ার পাশাপাশি বন্ড ছাড়ার প্রবণতাও গড়ে ওঠেনি। ফলে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ বেড়েছে।
তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্য রয়েছে সরকারের। তবে প্রাথমিক পর্যায়ে কী পরিমাণ বন্ড ছাড়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অর্থমন্ত্রী বলেন, শুধু স্থানীয় বাজার থেকে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে উন্নয়ন প্রকল্পের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক বাজারসহ অর্থায়নের বিকল্প উৎসগুলো কাজে লাগানো প্রয়োজন।
দেশি-বিদেশি পুঁজি সংগ্রহে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ার পাশাপাশি হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করা হবে। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডও চলতি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১০ পয়সা ছিল।
অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান ৪ পয়সা কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ওসিএফপিএস) ঋণাত্মক ১ পয়সা ছিল। গত বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৫ টাকা ৭১ পয়সা দাঁড়িয়েছে।
শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেবে না।
রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছে, যা আগের বছর ৩২ পয়সা ছিল। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ৭৩ পয়সা ছিল, আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৫৭ পয়সা ছিল।
অনলাইন ডেক্স 























