জাতীয় নারী শক্তির নেত্রীরা অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার গঠনের পর গত ৬ মাসে দেশে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে। তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনের দক্ষিণ প্লাজার সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে নেত্রীরা এসব কথা বলেন। তারা সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধন আয়োজন করেন।
নেত্রীরা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, তরুণ সমাজ মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে বিপন্ন করছে। তবে, সরকারের পক্ষ থেকে এসব অপরাধ দমনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে- এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে রাজপথে আসার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 















