নতুন পরিচয়ে বুবলী সিনেমার — কন্যা সন্তানের মা হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেননি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি একের পর এক সুখবর দিচ্ছেন। প্রযোজক হিসেবে যাত্রা শুরু করার পর এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তিনি ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লে-ব্যাক করবেন।
সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তিনি গান গাওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।
জাহিদ হোসেন বলেন, সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লেগেছিল। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর আগে তার ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।
নির্মাতা আরও জানান, রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও রয়েছে। সেই প্রস্তাবে বুবলী সম্মতি দিয়েছেন এবং গান তৈরির কাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বরে তার কণ্ঠে গানটি রেকর্ড করার কথা রয়েছে।
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এটি মূলত প্রেমের গল্পের সিনেমা, যেখানে দুজন মানুষের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। এছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
বুবলী মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।
উল্লেখ্য, এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বুবলী। তার নতুন এই উদ্যোগে ভক্তদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে।
অনলাইন ডেক্স 
























