চুক্তি ছাড়াই শেষ জাতিসংঘের — জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের নতুন কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে অর্থায়নের প্রশ্নে গভীর মতবিরোধ দেখা দেয়। ফলে অংশগ্রহণকারী দেশগুলো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। খবর বিবিসি।
সম্মেলনটি শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও, সমঝোতায় পৌঁছানোর আশায় আলোচনা রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত গড়ায়। এর ফলে এটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে।
সম্মেলনের শেষ পর্যায়ে যে চুক্তির খসড়া তৈরি হয়, তাতে জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ আপত্তি জানায়। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে বিবেচিত কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার নিয়ে স্পষ্ট অবস্থান না থাকায় তারা চুক্তিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এছাড়া, অনেক উন্নয়নশীল ও দরিদ্র দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে ধনী দেশগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে।
২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনের পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা এভাবে ভেস্তে গেল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এটি শেষ কপ সম্মেলন। তিনি এ আলোচনার ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন।
সম্মেলনের সহ-আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বর্তমান ‘জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিকে’ ব্যর্থতার জন্য দায়ী করেছেন।
সম্মেলনের শুরুতে প্রকাশিত চুক্তির প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলো এতে আপত্তি জানায়।
রাশিয়া, জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে ‘স্লোগাননির্ভর অবস্থান’ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, খুব দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দিলে অনেক দেশে জ্বালানির অভাব দেখা দিতে পারে এবং মানুষ জ্বালানি কেনার সামর্থ্য হারাতে পারে। জলবায়ু আন্দোলনকারীরাও সম্মেলনের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন।
অনলাইন ডেক্স 
























