মেঘনা গোমতী সেতুতে ত্রুটি — ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর অবস্থিত চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেতুটির দুই লেন বন্ধ রেখেছে এবং বিকল্প হিসেবে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাত থেকে চট্টগ্রামমুখী সেতুটি বন্ধ রাখা হয়। তবে বিকল্প সেতু দিয়ে যান চলাচলের ব্যবস্থা করায় দুপুর পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক ছিল।
দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে দুই লেন বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেতুর ত্রুটি পরিদর্শনে বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে।
তিনি আরও জানান, সোমবার বিকেলে সেতু রক্ষণাবেক্ষণকারী দলের প্রতিনিধিরা পরিদর্শনে আসতে পারেন। দ্রুত সময়ের মধ্যে ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা থাকায় বড় ধরনের যানজট বা ভোগান্তির আশঙ্কা নেই।
বাসযাত্রী সুজন জানান, সোমবার সকাল ৭টায় ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়ে আড়াই ঘণ্টায় পৌঁছেছেন। তিনি বলেন, পথে কোথাও যানজটের মুখে পড়তে হয়নি, তবে দাউদকান্দি সেতুর কাছে এসে দেখেন বাসগুলো এক লেন দিয়ে চলাচল করছে। সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক ছিল।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ জানান, সেতুতে ত্রুটির বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ তাদের জানিয়েছে। তিনি বলেন, মেরামতের জন্য চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এতে যানজট বা জনভোগান্তি তৈরি হবে না।
তবে তিনি মন্তব্য করেন যে, বিষয়টি আরও আগে জানানো হলে সাধারণ মানুষকে আগাম সতর্ক করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হতো।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি দিয়ে সাধারণত চট্টগ্রামমুখী এবং পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও কয়েক দফায় মেরামতের জন্য পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। তখন নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করায় যানজটের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে মুন্সিগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক অবস্থানে থাকতে হয়েছিল।
অনলাইন ডেক্স 

























