মজুরি বৃদ্ধির ‘ধাক্কা’ এড়াতে — তিন বছরের ব্যবধানে আবারও বাড়তে যাচ্ছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি। মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি পুনর্নির্ধারণের দাবি জোরালো হয়েছে। অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, রফতানি আয় কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে পোশাকের দরপতন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতার ব্যবধান নিয়ে উদ্বিগ্ন কারখানার মালিকরা। তাদের আশঙ্কা, শিল্পের বর্তমান সক্ষমতা বিবেচনায় না নিয়ে মজুরি বাড়ানো হলে প্রতিষ্ঠানগুলো সংকটে পড়তে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বড় ধরনের চাপে পড়তে পারে, ঝুঁকির মুখে পড়তে পারে কর্মসংস্থানও।
এমন পরিস্থিতিতে শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং শিল্পের টিকে থাকার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন সক্ষমতা, রফতানি প্রতিযোগিতা ও কর্মসংস্থান ধরে রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের বিধান অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব ও যুক্তি তুলে ধরছেন। মজুরি নির্ধারণের এই আলোচনায় গত তিন বছরের মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রকৃত আয় এবং শিল্পের আর্থিক সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হবে। শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুপারিশ করেছে। তবে সিপিডির প্রস্তাবের বিভিন্ন হিসাব ও পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে বিজিএমইএর।
এই প্রেক্ষাপটে মজুরি নির্ধারণের আলোচনায় তথ্যের ঘাটতি ও ভুল হিসাব এড়াতে পোশাকশিল্পের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শ্রমিকদের আয়, উৎপাদন ব্যয়, রফতানি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে বিজিএমইএ।
রবিবার (২২ নভেম্বর) প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরে বিজিএমইএর পিআর, মিডিয়া ও পাবলিসিটি চেয়ারম্যান এবং মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ছাড়াই মজুরি নিয়ে আলোচনা হচ্ছে। শিল্পের প্রকৃত অবস্থা ও শ্রমিকদের আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতেই এই পর্যালোচনা তৈরি করা হয়েছে।
দেশে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। ওই সময় চতুর্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। এরপর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের বরাত দিয়ে মালিকপক্ষ জানিয়েছে, এই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৩২ দশমিক ৮২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ২৬ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে।
ফলে শ্রমিকদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। মালিকপক্ষও স্বীকার করছে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং তাদের স্বস্তি দিতে মজুরি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে একই সঙ্গে শিল্পের ব্যয় বহনের সক্ষমতা বিবেচনায় নেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।
মালিকপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা। এর সঙ্গে ৩ হাজার ৩৫০ টাকা বাড়িভাড়া এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে মোট মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটির অর্থ ও হাজিরা বোনাস যুক্ত করলে একজন শ্রমিকের মাসিক গড় আয় আরও বাড়ে।
তাদের দেওয়া হিসাব অনুযায়ী, মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যোগ করে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মাসিক টেক-হোম আয় দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। সব গ্রেড মিলিয়ে কারখানার শ্রমিকদের গড় টেক-হোম আয় প্রায় ২২ হাজার ৫১ টাকা। তবে এই হিসাবের মধ্যে ওভারটাইম ও অন্যান্য শর্তসাপেক্ষ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সব শ্রমিকের নিয়মিত ও নিশ্চিত মাসিক আয় হিসেবে এই অঙ্ককে বিবেচনা করার সুযোগ নেই।
মজুরি বৃদ্ধির আলোচনায় শিল্পের উৎপাদন ব্যয়কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরছেন মালিকরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, ব্যাংকঋণ ও বন্দর ব্যবহারের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং কাজের ধরন বিবেচনায় বিভিন্ন খাতের মজুরি কাঠামোর তুলনা কতটা প্রাসঙ্গিক, সেটিও আলোচনার বিষয়। তৈরি পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের প্রায় ৬০ শতাংশ নারী। দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮১ শতাংশ আসে এই শিল্প থেকে। ফলে মজুরি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত শুধু শ্রমিক ও মালিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়বে দেশের রফতানি আয়, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে।
অনলাইন ডেক্স 
























