ভোলার সরকারি উচ্চ বিদ্যালয়ের — ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, শহরের মানুষের শরীরচর্চা এবং শিশুদের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ এই মাঠ বাণিজ্য মেলার কাজে ব্যবহার করা কতটা যৌক্তিক?
শিক্ষার্থীরা জানিয়েছেন, মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জায়গা নয়, বরং শহরের বিভিন্ন বয়সী মানুষের জন্যও উন্মুক্ত শরীরচর্চার স্থান। প্রতিদিন সকাল ও বিকেলে বিভিন্ন বয়সের মানুষ এখানে হাঁটাচলা ও ব্যায়াম করেন। বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণেরা ক্রিকেটসহ নানা খেলাধুলায় অংশ নেয়। মাঠে মেলা বসানো হলে এসব কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে তাদের আশঙ্কা।
তন্ময়, তালহা, সামিক, হিরা ও নাফিজ আহম্মেদ নামের শিক্ষার্থীরা জানান, ডিসেম্বর মাসে তাদের বার্ষিক পরীক্ষা রয়েছে এবং জানুয়ারিতে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এমন সময়ে মাঠে মেলার আয়োজন করা হলে তারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। তারা বলেন, মেলা শেষ হওয়ার পর মাঠের মাটি ও খেলার পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, যা তাদের খেলাধুলার জন্য ক্ষতিকর।
অভিভাবকদেরও একই ধরনের উদ্বেগ রয়েছে। তাদের মতে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভোলা শহরে শিশুদের খেলাধুলার উপযোগী জায়গা সীমিত, তাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীদের পাশাপাশি শহরের সাধারণ মানুষও সমস্যায় পড়বেন।
অভিভাবকরা মনে করেন, একটি বাণিজ্যিক আয়োজনের জন্য এত মানুষের দৈনন্দিন শরীরচর্চা ও বিনোদনের সুযোগ বন্ধ করা উচিত নয়। তারা দাবি করেছেন, মেলার জন্য শহরের অন্য কোনো উপযুক্ত স্থান নির্ধারণ করা হোক।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠে মেলা আয়োজনের বিষয়ে তার কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষা, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠটি প্রয়োজন।
তিনি আরও বলেন, বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে নিয়মিত খেলাধুলা করে এবং তরুণ, বয়স্ক ও প্রবীণ ব্যক্তিরাও মাঠটি ব্যবহার করেন। ফলে মাঠটি শুধু বিদ্যালয়ের নয়, এলাকার মানুষের জন্যও প্রয়োজনীয় একটি জায়গা।
অন্যদিকে, মেলার আয়োজনের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের প্রতিনিধি ও মেলা পরিচালক মাহাবুর রহমান জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে সবাইকে নিয়ে বসবেন।
এদিকে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, বাণিজ্য মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে এবং সেসব তথ্য পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি ভোলা শহরের শিশু-কিশোর, তরুণ, বয়স্ক ও প্রবীণ মানুষের প্রতিদিনের শরীরচর্চা, খেলাধুলা ও বিনোদনের কেন্দ্র। তাই মাঠটির বহুমুখী ব্যবহার এবং জনস্বার্থ বিবেচনায় নিয়ে সেখানে বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।
অনলাইন ডেক্স 






















