কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের — কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে 'কটিয়াদী আওয়ামী লীগ পরিবার' নামের একটি ফেসবুক আইডি থেকে এ হুমকিমূলক পোস্টটি প্রকাশিত হয়। পোস্টে ওসি মো. রফিকুল ইসলামের ছবি যুক্ত করে তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, "প্রিয় কটিয়াদীবাসী, এই কুলাঙ্গারকে চিনে রাখুন। কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করছে। আজ ধুলদিয়ায় নৌকার বৈঠা উদ্ধার করে এটাকে অস্ত্র বানিয়ে দিয়েছে।" পোস্টে আরও বলা হয়, "এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব। তোর বিচার এই কটিয়াদীর মাটিতেই করব ইনশাআল্লাহ।"
এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ একজন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং থানাকে জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, "বিষয়টি নজরে আসার পর এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইডিটির পরিচয় শনাক্ত ও পোস্টের বিষয়ে তদন্ত চলছে।"
এদিকে, স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
এ ধরনের হুমকি ও সহিংসতার ঘটনা আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্টের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যা সমাজের জন্য ক্ষতিকর।
এছাড়া, পুলিশ প্রশাসন এ ধরনের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা বলেন, আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অনলাইন ডেক্স 























