কোরআন ও হাদিসে উল্লেখিত — খাবার মানুষের জীবনের অপরিহার্য অংশ। ইসলাম ধর্মে খাবারের হালাল ও হারামের বিধান দেওয়ার পাশাপাশি কিছু খাবার সম্পর্কে বিশেষ নির্দেশনা, দোয়া ও ফজিলতের কথাও উল্লেখ করা হয়েছে। কোরআন ও হাদিসে এমন আটটি খাবার সম্পর্কে বিশেষ নির্দেশনা ও বর্ণনা পাওয়া যায়।
প্রথমত, রসুন ও পেঁয়াজ খাওয়ার পর মসজিদে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত এ উদ্ভিদ খাবে, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে। কারণ, দুর্গন্ধের কারণে অন্য মুসল্লি ও ফেরেশতাদের কষ্ট হতে পারে।
দ্বিতীয়ত, রমজানে খেজুর দিয়ে ইফতার করা সুন্নতসম্মত আমল। হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। বিশেষভাবে আজওয়া খেজুরের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না।
তৃতীয়ত, মধু সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে, মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) মধু পান করার পরামর্শ দিয়েছেন অসুস্থ ব্যক্তিদের জন্য।
চতুর্থত, দুধ পান করার পর আল্লাহর কাছে বরকত ও পরিমাণ বৃদ্ধির দোয়া করার কথা হাদিসে এসেছে। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কাউকে দুধ পান করানোর পর সে যেন বলে, ‘হে আল্লাহ! আমাদের এ দুধে বরকত দিন এবং তা আরও বাড়িয়ে দিন।’
পঞ্চমত, জলপাই ও এর তেল সম্পর্কে হাদিসে বিশেষ বর্ণনা রয়েছে। হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জলপাই খাও এবং এর তেল ব্যবহার করো। কেননা, এটি বরকতময় গাছ থেকে আসে।’
ষষ্ঠত, কালোজিরা সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে, এতে মৃত্যু ছাড়া সব রোগের আরোগ্য রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, ‘কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের আরোগ্য রয়েছে।’
সপ্তমত, কামআ নামের এক ধরনের ভূগর্ভস্থ ভোজ্য ছত্রাকের বিশেষ উপকারিতার কথা হাদিসে উল্লেখ রয়েছে। হজরত সাঈদ ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘কামআ মান্নের অন্তর্ভুক্ত এবং এর পানি চোখের রোগের জন্য আরোগ্য।’
অবশেষে, নবীজি (সা.)-এর খাদ্যাভ্যাসে আরও বিভিন্ন খাবারের উল্লেখ পাওয়া যায়। শসা, তরমুজ, মিষ্টিকুমড়া, যবের রুটি ও পনিরের মতো খাবার সম্পর্কে হাদিসে বর্ণনা রয়েছে। পাশাপাশি ডুমুর, আঙুর ও ডালিমের মতো খাবারের কথাও পবিত্র কোরআনে এসেছে।
অনলাইন ডেক্স 
























