শ্রমিকদের কর্মবিরতির কারণে সাময়িক — পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, শ্রমিকদের কর্মবিরতি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর ২০২৬ থেকে কারখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং কোম্পানির সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে কোম্পানি কর্তৃপক্ষ। শিল্পকার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে যত দ্রুত সম্ভব কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে।
এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হলে, বিশেষ করে কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হলে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং স্টক এক্সচেঞ্জকে তা জানানো হবে।
এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭১ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১২ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৯ টাকা ২২ পয়সা, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ৭৮ টাকা ৮১ পয়সা।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৪ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ৫৬ পয়সা।
সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৫১ হাজার ২৮২টি শেয়ার ৭৬ বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা।
অনলাইন ডেক্স 






















