কানাডায় বাংলাদেশের পাটপণ্য রপ্তানি — কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে দেশের প্রায় ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে (এসএমই) সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও টিএফও কানাডা যৌথভাবে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, অর্থায়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে কাজ করা হবে। নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ (ট্রাইসেগ)’ শীর্ষক প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
অনুষ্ঠানে জানানো হয়, কানাডা সরকারের অর্থায়নে প্রকল্পটি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি দেশে বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তা দেওয়া হবে, যাদের ৬৭ শতাংশই নারী। বাংলাদেশ থেকে প্রায় ২০০ প্রতিষ্ঠান এ কর্মসূচির আওতায় সহায়তা পাওয়ার সুযোগ পাবে।
প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের সুযোগ তৈরিতে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং কানাডার বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান উন্নয়ন ও বহুমুখীকরণেও সহায়তা দেওয়া হবে। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরির বিষয়টিও প্রকল্পে গুরুত্ব পাবে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির সময়ে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ অপরিহার্য হয়ে উঠেছে। টেকসই ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে নারী উদ্যোক্তা এবং অপেক্ষাকৃত কম প্রতিনিধিত্বশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা জরুরি।
প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলার হবে। কানাডা বাংলাদেশের শীর্ষ ১০টি রপ্তানি গন্তব্যের একটি, যেখানে বাংলাদেশের রপ্তানি প্রায় দেড় বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি আরও বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতকে আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হবে। নতুন বাজার অনুসন্ধান ও পণ্যের বহুমুখীকরণ জরুরি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাট ও পাটজাত পণ্য খাতের অগ্রগতি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান অনুসরণ এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি ও মানদণ্ড পরিপালনে ট্রাইসেগ প্রকল্প সহায়ক ভূমিকা রাখবে।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ বলেন, প্রকল্পে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতি, ডিজিটাল সক্ষমতা, অর্থায়ন ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো হবে।
অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও পাটজাত পণ্যে মূল্য সংযোজনের ঘাটতি রয়েছে। পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন ও মূল্য সংযোজন বাড়ানো গেলে এ খাতের রপ্তানি আরও বাড়ানো সম্ভব।
আলোচনায় বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম পাটজাত পণ্যের জন্য আগামী ১০ বছর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আহ্বান জানান। কাঁচা পাটের মূল্য নির্ধারণ ও সরবরাহব্যবস্থা উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী বলেন, পাট খাতের নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় সনদ ও মান পরিপালনের ব্যয় কমানোর ওপরও জোর দেন তিনি।
অনলাইন ডেক্স 






















