নওগাঁয় বুধবার (২১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার শেষ দিন বিজয় দশমী পালিত হচ্ছে। এদিন নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেছেন, যা উৎসবের একটি বিশেষ অংশ।
সকাল থেকেই নওগাঁর বিভিন্ন মণ্ডপে স্বামীর মঙ্গল কামনায় নারীরা সিঁদুর খেলায় অংশগ্রহণ করছেন। ঢাকের বাদ্যে পরিবেশ হয়ে উঠেছে আনন্দমুখর। শারদীয় দুর্গোৎসবের এই শেষ দিনে নারীরা লাল-সাদা শাড়িতে সজ্জিত হয়ে দেবীর বিদায় উপলক্ষে সিঁদুর খেলায় অংশ নিচ্ছেন।
দেবী দুর্গার দর্শন পেতে এবং আশীর্বাদ নিতে ভক্তরা মণ্ডপগুলোতে ভিড় করছেন। পূজার শাস্ত্রীয় সমাপ্তির পর নারীরা একে অপরকে সিঁদুর মেখে শুভ কামনা জানান। বিবাহিত নারীদের পাশাপাশি তরুণী ও শিশুদেরও সিঁদুর খেলায় অংশ নিতে দেখা গেছে।
শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের স্নেহা সরকার, আরতি সরকার ও মুক্তা রায় জানান, তারা ৬ দিনব্যাপী পূজার আনন্দ উপভোগ করেছেন এবং মায়ের বিদায়ে সিঁদুর ছোঁয়াতে এসেছেন। তারা বলেন, এই দিনটি তাদের জন্য বিশেষ এবং তারা আগামী বছর মা দুর্গার আগমনের অপেক্ষায় থাকবেন।
এদিকে, দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকে প্রতিমাগুলোকে নৌকায় তোলা শুরু হবে এবং বিকেল সাড়ে ৩টায় নৌ শোভাযাত্রা শুরু হবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁ জেলায় ৮৩৬টি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।
অনলাইন ডেক্স 

























