বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে ছাত্রদল। শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই শোভাযাত্রা।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাবির কলাভবন ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রায় ৫ শতাধিক ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষকের জীবনমানের উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তরিকুল ইসলাম তারিক আরও বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, পল্লী অবকাঠামোর উন্নয়ন এবং যুবসমাজের দক্ষতা বৃদ্ধির মতো উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তরুণ প্রজন্মকে দেশের অগ্রগতির প্রধান শক্তিতে পরিণত করার লক্ষ্যও ব্যক্ত করেন।
তিনি বলেন, উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে পৌঁছাতে হবে এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনলাইন ডেক্স 























