বিএনপির শামসুজ্জামান দুদুর বক্তব্য — বাংলাদেশের মানুষ বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের মধ্যে পেলে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জনগণের হাতে তারা ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন।
রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়ানোর আহ্বান জানান।
দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের দোষ ও অপশাসনের কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং দেশে বিশৃঙ্খলা ও হত্যার মতো কর্মকাণ্ড শুরু করেছেন।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে এবং সেই ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
দুদু আরও বলেন, সরকারকে সমর্থন জানাতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে বিপদ এখনো রয়েছে এবং সেই বিপদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিরোধীদল যেভাবেই কথা বলুক, তারা সরকারের বিরুদ্ধে কার্যকর অবস্থান গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
অনলাইন ডেক্স 






















