তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক — প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন। সফরের সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এসব তথ্য জানান। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। সামরিক ও অর্থনৈতিক বিনিয়োগের বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
সালাহউদ্দিন নোমান বলেন, তুর্কি কোম্পানির সঙ্গে উড়োজাহাজ চলাচল ও ভূমিসেবা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়, বরং সৌজন্য সাক্ষাৎ।
এদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো আগেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলাদেশ এ বিষয়ে জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে।
অন্যদিকে, রাজধানী ঢাকাসহ তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোট ৩৪ প্লাটুন বিজিবি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে।
বিজিবির সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা ও বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।
এছাড়া, নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম তার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের আবেদন করা হলো।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে।
আইনজীবীরা চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরেছেন।
অনলাইন ডেক্স 
























