ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি মিরপুর, পল্লবী, ডিওএইচএস, উত্তরা ও টংগী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
প্রথম দফায় পল্লবী থানাধীন মিরপুর-১২ ডিওএইচএস এলাকার একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. রাজু মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত সহায়তায় রাজু মোল্লার সহযোগী মো. সুমন মিয়াকে তুরাগ এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাজু মোল্লার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার স্ত্রী সানজিদা আখতারকে আটক করা হয়।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টংগীর শিলমুন এলাকায় আরও একটি অভিযান চালিয়ে ৪৭ হাজার পিস ইয়াবাসহ জোৎস্না আখতার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পল্লবী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিরোনাম :
ঢাকায় ৪৭ হাজার ইয়াবাসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেপ্তার
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০৮:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- ২৯০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















