রাজধানীর গণপরিবহনে আসছে ৩ — রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পটি বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় বাস্তবায়িত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সভায় মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বৈদ্যুতিক বাস চালুর কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী আরও জানান, বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। নতুন এই বাসগুলো যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক হবে।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে এবং গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।
‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে গণপরিবহনে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সভায় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
অনলাইন ডেক্স 























