কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের (আপগ্রেডেশন) জন্য প্রায় চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়ে নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমতি দিয়েছে। পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংকিং সেবা বন্ধ থাকার সময়ে গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমের জন্য অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও দ্রুত ও কার্যকরী হবে।
এছাড়া, ব্যাংকটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই উন্নয়ন কার্যক্রমের ফলে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত হবে এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
গ্রাহকদের সুবিধার্থে পদ্মা ব্যাংক তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা বন্ধ থাকার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
এদিকে, ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের জন্য সেবা প্রদান আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছেন এই সময়ের জন্য।
অনলাইন ডেক্স 
























