গুগলের নতুন নিয়ম চ্যাট — গুগল সম্প্রতি ঘোষণা করেছে যে, ব্যবহারকারীরা চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তাদের কথোপকথন দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, জেমিনাই চ্যাটবটের ব্যবহারকারীরা এখন থেকে ৭২ ঘণ্টার পরিবর্তে প্রায় দুই মাস পর্যন্ত তাদের কথোপকথন গুগলের সার্ভারে থাকবে।
গত ১৭ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, জেমিনাইয়ের প্রাইভেসি হাবের আপডেটেড নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে। গুগল জানিয়েছে, এআই সিস্টেমের সক্ষমতা বাড়ানোর জন্য এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুগলের ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে এবং তাদের পাঠানো ফিডব্যাক প্রক্রিয়াকরণে এসব তথ্য কাজে লাগানো হবে। এছাড়া, সম্ভাব্য সিস্টেম ত্রুটি দেখা দিলে তা পর্যালোচনার জন্যও চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করা হবে।
তবে, হিস্ট্রি বন্ধ থাকলে ব্যবহারকারীর চ্যাট তালিকায় সংরক্ষিত কথোপকথন দেখা যাবে না। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে এসব কথোপকথনের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য প্রাসঙ্গিক প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা হতে পারে।
গুগল আরও জানিয়েছে, টেম্পোরারি চ্যাট কিংবা হিস্ট্রি বন্ধ থাকা অবস্থায় করা কথোপকথন এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না, যদি না ব্যবহারকারী সংশ্লিষ্ট কোনো ফিডব্যাক পাঠান। ফিডব্যাক পাঠালে তথ্য সংরক্ষণের নিয়ম ভিন্ন হবে।
ফিডব্যাকের সঙ্গে সংশ্লিষ্ট চ্যাটের সর্বশেষ ২৪ ঘণ্টার কথোপকথন, সংযুক্ত ফাইল ও অন্যান্য তথ্যও সংগ্রহ করতে পারে গুগল। এসব তথ্য বিশেষভাবে প্রশিক্ষিত পর্যালোচকদের মাধ্যমে যাচাই করা হবে। নির্বাচিত কথোপকথন ও সংশ্লিষ্ট তথ্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন করে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে।
এদিকে, জেমিনাইয়ের তথ্য নিয়ন্ত্রণের সেটিংসেও পরিবর্তন আনছে গুগল। আগে ‘কিপ অ্যাক্টিভিটি’ অপশন চালু বা বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথন চ্যাট হিস্ট্রিতে সংরক্ষণ এবং সেসব তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি, দুটিই একসঙ্গে নিয়ন্ত্রণ করা হতো।
নতুন ব্যবস্থায় এ দুটি বিষয় আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের চ্যাট হিস্ট্রি চালু রেখেও কথোপকথন এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি বন্ধ রাখতে পারবেন।
গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে জেমিনাই অ্যাপে এই পরিবর্তন কার্যকর হবে। যারা আগে থেকেই কিপ অ্যাক্টিভিটি বন্ধ রেখেছেন, তাদের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় চ্যাট হিস্ট্রি সংরক্ষণ ও মডেল প্রশিক্ষণ, দুটির অনুমতিই বন্ধ থাকবে।
অনলাইন ডেক্স 

























