যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের দক্ষিণে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেন জড়িত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের সঙ্গে জড়িয়ে গেছে। তবে ট্রেনের বগিগুলো রেললাইনের ওপরই সোজাভাবে দাঁড়িয়ে ছিল।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একই সঙ্গে গুরুতর আহতদের প্রতিও আমার সহানুভূতি রয়েছে।’
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। ঘটনাস্থলে ২০টির বেশি অ্যাম্বুলেন্স এবং ছয়টি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১১ জন খুবই গুরুতর আহত হয়েছেন, ২২ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।
পুলিশের উপপ্রধান কর্মকর্তা স্টুয়ার্ট ক্যান্ডি বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে জরুরি সেবার সদস্যরা ব্যাপকভাবে কাজ করছেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, দুর্ঘটনাকবলিত একটি ট্রেনের যাত্রী ও চিকিৎসক পিটার নাপ সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ে জানান, তিনি হঠাৎ একটি প্রবল ধাক্কা অনুভব করেন।
তিনি জানান, একটি বগি রেললাইন থেকে ছিটকে গিয়েছিল এবং তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।
তথ্যসূত্র: জিও নিউজ
অনলাইন ডেক্স 





















