রাজশাহীর ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়েছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ চিঠির বিষয়টি প্রকাশ পায়। এর আগে বুধবার প্রশাসনের কাছে চিঠিটি দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, রাজশাহীর পাঁচ উপজেলায় বিদ্যুতের চাহিদা ১১০ থেকে ১১৫ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি প্রায় ২৫ শতাংশ। এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং হচ্ছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ব্যবস্থাপক রবেন্দ্র চন্দ্র রায় বলেন, লোডশেডিংয়ের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, রাজশাহী নগরীতেও বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী জানান, বুধবার নগরীতে বিদ্যুতের চাহিদা ছিল ১৩৮ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া গেছে ১১০ মেগাওয়াট। ফলে ২৮ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে।
তিনি আরও জানান, নগরীতে গড়ে ২০ থেকে ৩০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের ঘাটতি এবং লোডশেডিংয়ের কারণে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় মানুষের ভোগান্তি বেড়েছে।
অনলাইন ডেক্স 























