নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সহ ৮ জন আহত হয়েছে। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনির সহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এসআই নন্দন সরকার এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনষ্টেবল আশিক। এছাড়া আহত হয়েছেন পথচারী হেলালউদ্দিম ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমানের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাথারী ইট পাটকেলের ঢিল ছুড়ে। পরে পুলিশকে লক্ষ করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পালটা দুই রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।
অনলাইন ডেক্স 






















