জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে বলিউডের প্রবীণ অভিনেতা চাঙ্কি পান্ডের হঠাৎ সাক্ষাৎ এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়। সম্প্রতি ফেসবুকে চাঙ্কি পান্ডের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেতা।
শনিবার ছবিটি প্রকাশ করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘হঠাৎ দেখা…….!!! চাঙ্কি পান্ডে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার ইমোজি।
ছবিটির ব্যাকগ্রাউন্ড দেখে ধারণা করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তারকার এই আকস্মিক সাক্ষাৎ ঘটেছে।
ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই চঞ্চলের ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যায়। ছবিটির মন্তব্য ঘরেও বইছে রসাত্মক ও প্রশংসামূলক মন্তব্যের ঝড়।
আবার অনেক ভক্ত চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানিয়ে বলিউডের বড় কোনো প্রজেক্টে তার যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ চাঙ্কি পান্ডের পুরোনো ঢাকাই সিনেমার ক্যারিয়ারের কথা স্মরণ করে মন্তব্য করেছেন।
বলিউডের পাশাপাশি চাঙ্কি পান্ডে একসময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে নব্বইয়ের দশকে এ দেশের ‘স্বামী কেন আসামি’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি বাঙালি দর্শকদের মন জয় করেন।
বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি নতুন করে আলোচনায় থাকেন তার মেয়ে ও বলিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের কারণে।
অনলাইন ডেক্স 























