সারাদেশে জেলা প্রশাসনের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, ৬৪ জেলায় পরিচালিত ৩৯১টি অভিযানে ১৯১টি মামলা দায়ের এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সাতক্ষীরায় একজনকে ২ মাস, চাঁদপুরে একজনকে ১ বছর এবং গাজীপুরে একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল।
এছাড়া রাজধানীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী ও আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ধাউর উত্তরা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে জ্বালানি বিক্রির সময় একটি দোকান থেকে ১০০ লিটার ডিজেল ও ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানি নিকটবর্তী ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সারাদেশের পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগ ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসন এই দায়িত্ব পালন করছে।
এদিকে জ্বালানির মজুদ পরিস্থিতি উল্লেখ করে জানানো হয়, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই।
অনলাইন ডেক্স 








